আজকার কর্মব্যস্ত জীবনে খুব কম মানুষেরই নিয়মিত ভারী শরীরচর্চা করার
সুযোগ হয়। কিন্তু সুস্থ থাকার জন্য নিয়মিত একটু হলেও শারীরিক পরিশ্রম বা
শরীরচর্চা খুবই জরুরি। চিকিৎসকরা বলে থাকেন, হাঁটা এমন একটা উপায়, যার
মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াও সহজেই সুস্থ থাকা যায়।
হাঁটলে মানসিক ও
শারীরিক অবস্থা উভয়েই ভালো থাকে। নিয়ম মেনে হাঁটলে মেদের সমস্যা, ওজন
কমানো, মানসিক অস্থিরতা, শরীরের ব্যথা-বেদনার সমস্যা দূর হয়। শরীরও থাকে
চনমনে। তবে হাঁটা শুরুর আগে বেশ কিছু প্রশ্ন মাথায় চলে আসে। কখন হাঁটবেন,
কতক্ষণ হাঁটবেন, হাঁটার গতি কেমন হবে ইত্যাদি।
হাঁটা নিয়ে আপনার সেসব প্রশ্নের উত্তর চিকিৎসকদের পরামর্শের আলোকে নিচে তুলে ধরা হলো। প্রথমে হাঁটার উপকারিতাগুলো জেনে নেয়া যাক।
হাঁটার উপকারিতা:
- ভালো ঘুমে সাহায্য করে।
- হাড় ও পেশি মজবুত করে।
- ১৫ মিনিট হাঁটলে ৫৬ ক্যালোরি শক্তি খরচ হয়, ওজন কমে।
- সৃজনশীল চিন্তা করতে সাহায্য করে।
- কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়।
- মানসিক চাপ, উদ্বেগ, ও টেনশন দূর করে শরীর-মন প্রাণবন্ত রাখে।
- রোগ প্রতিরোধে সাহায্য করে।
- ধমনির চাপ কমিয়ে হৃদরোগ প্রতিহত করে।
- ওজন নিয়ন্ত্রণ করে।
- হজম শক্তি বাড়ায়।
- স্মৃতিশক্তি বাড়ায়।
কখন হাঁটবেন?
চিকিৎসকদের মতে, হাটার কোন নির্দিষ্ট সময় নেই, যেকোনো সময়েই হাঁটতে পারেন। ২৪ ঘণ্টার মধ্যে আপনি হাঁটার জন্য যখন সময় বের করতে পারবেন, তখনই হাঁটবেন। তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় বিকেল বেলা।
অনেকে সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে বের হন বা হেঁটে এসেই ঘুমিয়ে পড়েন। তাঁদের জন্য চিকিৎসকের পরামর্শ হলো, ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া জন্য তাড়াহুড়ো করবেন না। ঘুম থেকে ওঠার কমপক্ষে ৩০ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত। কারও যদি সকালে অফিসে যাওয়ার তাড়া থাকে তাহলে ঘুম থেকে একটু আগে ওঠার অভ্যাস করুন। এরপর আধঘণ্টা সময় নিয়ে তারপর হাঁটতে বের হোন। দেখবেন দিনটা আপনার কাছে বেশ বড় মনে হচ্ছে।
যাঁরা দিনের শেষ ভাগ, সন্ধ্যা বা রাতে হাঁটেন, তাঁদের ঘুমাতে যাওয়ার কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা আগে হাঁটা উচিত। হেঁটে এসে ঘুমাতে যাওয়া উচিত না। হেঁটে এসে শরীর দুর্বল মনে হলে বা ঘুম এলে ঘুমানোর জন্য এই সময়টুকু অপেক্ষা করা উচিত।
খাওয়ার ঠিক আগে বা খাওয়া শেষ করেই হাঁটা উচিত না। যাঁরা সকাল, বিকেল বা সন্ধ্যার পর হাঁটতে সময় পান না, তাঁরা তিন বেলা খাওয়ার পর ১০ মিনিট করে হাঁটতে পারেন। এ সময় হাঁটতে পারলে শরীরের জন্য বেশ উপকার হয়। সুগার ও ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
কতক্ষণ হাঁটবেন?
প্রতিদিন
কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন না-ও
হাঁটতে পারেন। পাঁচ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন।
মানে একজন মানুষের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা জরুরি।
শারীরিক অবস্থা
ভালো থাকলে আরও বেশি সময় ধরে আপনি হাঁটতে পারেন। তবে কখনোই ৩০ মিনিটের কম
হাঁটা উচিত না। কারও যদি একবারে ৩০ মিনিট হাঁটার সক্ষমতা না থাকে তাহলে
তিনবার প্রতিবার ১০ মিনিট করে ৩০ মিনিট হাঁটতে পারেন। অথবা একবার ২০ মিনিট,
অন্যবার ১০ মিনিট করে মোট ৩০ মিনিট করে নিতে পারেন। যেভাবে হোক আপনাকে ৩০
মিনিট পূরণ করতে হবে। তবে বয়স্কদের হাঁটার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া
উচিত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন